স্ফেরেফের স্বপ্ন ভেঙে উইম্বলডনের শিরোপা ধরে রাখলেন সিনার

এই জয়ে স্ফেরেফের বিপক্ষে টানা দশম ম্যাচ জিতলেন ইতালিয়ান তারকা। একই সাথে গত তিন মৌসুমে পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের পাশাপাশি মেজর টুর্নামেন্টে নিজের শততম ম্যাচজয়ের মাইলফলকও স্পর্শ করলেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
ইয়ানিক সিনার
ইয়ানিক সিনার |ইন্টারনেট

বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে ইতিহাস গড়ার স্বপ্ন ছিল আলেক্সান্ডার স্ফেরেফের। কিন্তু সেই স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে আবারো উইম্বলডনের মুকুট নিজের মাথায় রাখলেন ইতালির বিশ্ব এক নম্বর ইয়ানিক সিনার।

রোববার সেন্টার কোর্টে শুরু থেকেই জমে ওঠে ফাইনাল। প্রথম দুই সেটে কেউ কাউকে ছাড় দেয়নি, দু'টিই গড়ায় টাইব্রেকারে। প্রথম সেট জিতে এগিয়ে যান স্ফেরেফ, তবে দ্বিতীয় সেটের টাইব্রেকার জিতে ম্যাচে সমতা ফেরান সিনার।

এরপর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন ইতালিয়ান তারকা। শেষ পর্যন্ত ৩ ঘণ্টা ৪৫ মিনিটের লড়াইয়ে ৬-৭ (৭-৯), ৭-৬ (৭-২), ৬-৩, ৬-৪ গেমে জিতে টানা দ্বিতীয়বার উইম্বলডন জিতলেন সিনার। যা তার ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

অন্যদিকে, গত মাসেই ফরাসি ওপেন জিতে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পেয়েছিলেন স্ফেরেফ। তিনটি হারানো ফাইনালের পর সেই সাফল্যে তিন দশকের মধ্যে প্রথম জার্মান পুরুষ খেলোয়াড় হিসেবে মেজর জয়ের কীর্তি গড়েন তিনি।

সেই আত্মবিশ্বাস নিয়েই উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন, কিন্তু আরেকটি শিরোপা ছোঁয়া হলো না। তৃতীয় সেটে ৩-৩ গেমে এবং ডিউসের (৪০-৪০) লড়াই চলার সময় একটি শট ফেরাতে গিয়ে কোর্টে পড়ে যান স্ফেরেফ।

এরপর ম্যাচে আর ছন্দে ফিরতে পারেননি ২৯ বছর বয়সী এই জার্মান। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের লাগাম পুরোপুরি নিজের হাতে তুলে নেন সিনার।

এই জয়ে স্ফেরেফের বিপক্ষে টানা দশম ম্যাচ জিতলেন ইতালিয়ান তারকা। একই সাথে গত তিন মৌসুমে পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের পাশাপাশি মেজর টুর্নামেন্টে নিজের শততম ম্যাচজয়ের মাইলফলকও স্পর্শ করলেন তিনি।