সানিক্স কাপ খেলতে জাপান যাচ্ছে বিকেএসপি অনূর্ধ্ব-১৮ দল

জাপানের ফুকুওকা শহরে আগামী ১১ থেকে ১৫ মার্চ অনুষ্ঠিত হবে সানিক্স কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)
কর্মকর্তাদের সাথে খেলোয়াড়রা
কর্মকর্তাদের সাথে খেলোয়াড়রা |নয়া দিগন্ত

জাপানে অনুষ্ঠিতব্য সানিক্স কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে ২১ সদস্যের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) অনূর্ধ্ব-১৮ ফুটবল দল শনিবার (৭ মার্চ) দিবাগত রাত ১টায় জাপানের উদ্দেশে যাত্রা করবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় দলটি টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

শনিবার দুপুরে বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা মো: আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জাপানের ফুকুওকা শহরে আগামী ১১ থেকে ১৫ মার্চ অনুষ্ঠিত হবে সানিক্স কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে জাপানের ১৩টি দলের পাশাপাশি বাংলাদেশ, ভারত ও দক্ষিণ কোরিয়ার বয়সভিত্তিক তিনটি বিদেশী দল অংশ নেবে।

বিকেএসপি দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো: গোলাম মাবুদ হাসান। কোচ হিসেবে দায়িত্বে থাকবেন বিকেএসপিতে কর্মরত জাইকার জাপানি কোচ কাই তাগুচি।

টুর্নামেন্টে মোট ১৬টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। বিকেএসপি দল ডি গ্রুপে জাপানের আরো তিনটি দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

উল্লেখ্য, গত বছর জাপানের মুনাকাটা সিটিতে ফুকুওকা টকাই বিশ্ববিদ্যালয় আয়োজিত সকার ফেস্টিভ্যালে বিকেএসপি অনূর্ধ্ব-১৭ দল অংশ নিয়ে তিন ম্যাচে একটি জয়, একটি ড্র ও একটি পরাজয় অর্জন করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও দৃষ্টিনন্দন খেলা উপহার দেয়ায় আয়োজকরা এ বছর সানিক্স কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে বিকেএসপিকে আমন্ত্রণ জানায়।