রিশাদ-শরিফুলের জোড়া উইকেট, চাপে নিউজিল্যান্ড

শরিফুল নিজের ৫ ওভারে ২৭টিই ডট দেন। একমাত্র উইকেটটাও ছিল তার। ৬.৩ ওভারে দলীয় ২১ রানে ফেরান নিক কেলিকে। ২৩ বলে ৭ রান করে বোল্ড হন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
রিশাদ-শরিফুল
রিশাদ-শরিফুল |নয়া দিগন্ত

দ্বিতীয় উইকেট জুটিতে কিছুটা চাপ সৃষ্টি করেছিল নিউজিল্যান্ড। তবে রিশাদ হোসেন সেই জুটি ভেঙ্গে দেয়ার পর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি কিউইরা। ১৬৫ রানে নেই ৫ উইকেট।

শুক্রবার মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে সুবিধা করতে পারেনি কিউইরা। প্রথম ১০ ওভার ছিল বাংলাদেশের অনুকূলে।

এই সময়ে ১ উইকেট হারিয়ে তুলতে পারে ৩৮ রান। যেখানে ৪৮টি ডট বল আদায় করে নেন টাইগার বোলাররা।

শরিফুল নিজের ৫ ওভারে ২৭টিই ডট দেন। একমাত্র উইকেটটাও ছিল তার। ৬.৩ ওভারে দলীয় ২১ রানে ফেরান নিক কেলিকে। ২৩ বলে ৭ রান করে বোল্ড হন তিনি। পরে আরো একটা সুযোগ তৈরি করেন তিনি। নবম ওভারে তার বলে স্লিপে উইল ইয়াংয়ের ক্যাচ ফেলেন সাইফ।

তখন ইয়ং মাত্র ১ রানে ছিলেন। তবে জীবন পেয়ে হেনরি নিকোলসকে নিয়ে গড়েন ৭৩ রানের জুটি। তাতে খানিকটা চাপে পড়ে যায় স্বাগতিকেরা। তবে চাপ বড় হতে দেননি রিশাদ।

২২তম ওভারে রিশাদের প্রথম বলে রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে তানজিদের হাতে ক্যাচ তুলে দেন ইয়াং। আউট হন ৪২ বলে ৩০ রান নিয়ে। এরপর টম লাথামকে মিরাজ ফেরালে স্বস্তি ফেরে শিবিরে।

১৫ বলে ১৪ রানে ফিরলেন নিউজিল্যান্ড অধিনায়ক। এর আগেই অবশ্য ফিফটি তুলে নেন নিকোলস। হাঁটছিলেন শতকের পথেই। তবে ৮৩ বলে ৬৮ রানে পৌঁছুতেই তাকে থামান রিশাদ।

৯ বলের মাঝে ২ উইকেট নিয়ে যেন উদ্যম ফিরে আসে বাংলাদেশ দলে। কিউইদের রান তখন ২৮ ওভারে ১৩১/৪।

৫ম উইকেটটি আসে ১৬৫ রানে, এবার আব্বাসকে (১৪) ফেরান শরিফুল।

নতুন ব্যাটসম্যান হিসেবে নামেন জশ ক্লার্কসন। সাথে ডিন ফক্সক্রফট ২৮ রানে অপরাজিত আছেন। ৩৯ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৮০।