পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ জেলা পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে রাজশাহীর পুঠিয়ার মাহিয়া খাতুন।
মাহিয়া পুঠিয়া উপজেলার সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। হাড়োগাথি গ্রামের হতদরিদ্র আজিজুল ইসলামের মেয়ে। নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ জেলা পর্যায়ে সবাইকে পেছনে ফেলে অসাধারণ সাফল্য অর্জন করায় খুশি পুঠিয়াবাসী। রাজশাহী জেলায় মাহিয়া ২০০ মিটার দৌড়ে ১ম এবং ৫০ মিটার সাঁতারে ২য় স্থান অধিকার করে।
মাহিয়ার স্বপ্ন সে একজন বড় খেলোয়াড় হতে চায়।
সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন বলেন, ‘তার এই কৃতিত্বে আমরা সত্যিই গর্বিত। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, যেন সে রাজশাহী জেলার প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়েও সাফল্যের সাথে খেলে আরো গৌরব বয়ে আনতে পারে। শুভকামনা রইল মাহিয়া খাতুনের জন্য।’
শনিবার ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর কাছ থেকে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিজয়ী পুরস্কার গ্রহণ করে মাহিয়া খাতুন। পুরস্কার গ্রহণের পর দৌড় ও সাঁতার প্রতিযোগিতায় জাতীয়ভাবে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করে। তার বিদ্যালয়ের শিক্ষকদের ও পরিবারের সহযোগিতায় এ সাফল্য এসেছে বলে সে জানায়।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, ‘মাহিয়ার সাফল্য পুঠিয়াবাসীর জন্য গর্বের। তার প্রতি শুভকামনা রইল।’



