দীর্ঘ চার বছর পর আবারো গ্র্যান্ড স্ল্যামের একক প্রতিযোগিতায় ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। ৪৪ বছর বয়সী এই মার্কিন তারকা বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনে ওয়াইল্ড-কার্ড এন্ট্রির মাধ্যমে অংশ নিচ্ছেন। প্রথম রাউন্ডে তার প্রতিপক্ষ ২০ বছর বয়সী অস্ট্রেলিয়ান তরুণী মায়া জয়েন্ট।
আগামী ২৯ জুন শুরু হবে উইম্বলডনের এবারের আসর। সাতবারের উইম্বলডন একক চ্যাম্পিয়ন সেরেনা এককের পাশাপাশি বড় বোন ভেনাস উইলিয়ামসকে নিয়ে ডাবলসেও খেলবেন। চলতি মাসে দুটি প্রস্তুতি ডাবলস ম্যাচ খেলে কোর্টে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। পরে অল ইংল্যান্ড ক্লাব নারী এককের ড্র প্রকাশ করলে তার প্রত্যাবর্তন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়।
বিশ্ব র্যাঙ্কিংয়ের ৫৩ নম্বরে থাকা মায়া জয়েন্টের জন্য এটি হবে ক্যারিয়ারের অন্যতম বড় পরীক্ষা। গত বছর উইম্বলডনে অভিষেক হলেও প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়েছিল তাকে।
সেরেনা সর্বশেষ ২০২২ সালের ইউএস ওপেনে একক ম্যাচ খেলেছিলেন। তৃতীয় রাউন্ডে আজলা টমলিয়ানোভিচের কাছে হেরে যাওয়ার পর প্রতিযোগিতামূলক টেনিস থেকে সরে দাঁড়ান তিনি। যদিও আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি। ২০২৩ সালে দ্বিতীয় কন্যাসন্তানের জন্মের পর দীর্ঘ বিরতি কাটিয়ে আবারো কোর্টে ফিরছেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপাজয়ী এই কিংবদন্তি। তার প্রত্যাবর্তন ঘিরে টেনিসপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।



