চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই জানায়, তাদের সর্বশেষ শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মডেল সিরিজ আগামাীকাল বৃহস্পতিবার সবার জন্য উন্মুক্ত করা হবে। একইসাথে খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার এটির আরো বিস্তৃতভাবে উন্মোচনের অনুমোদন দিয়েছে।
প্রতিষ্ঠানটির নতুন জিপিটি-৫.৬ ও অন্যান্য অত্যাধুনিক এআই মডেল, যার মধ্যে অ্যানথ্রপিকের মিথোস সিরিজও রয়েছে, সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত করার শক্তিশালী সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। কোডের এসব দুর্বলতাকে কাজে লাগিয়ে হ্যাকাররা সাইবার হামলা চালাতে পারে।
সান ফ্রান্সিসকো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গত মাসের শেষ দিকে ওপেনএআই জানায়, ওয়াশিংটনের অনুরোধে যুক্তরাষ্ট্রের সীমিতসংখ্যক অংশীদারের জন্য জিপিটি-৫.৬-এর প্রিভিউ সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।
জিপিটি-৫.৬ সিরিজে তিনটি নতুন মডেল রয়েছে। ‘সল’ প্রতিষ্ঠানটির নতুন প্রধান বা ফ্ল্যাগশিপ মডেল। ‘টেরা’ দৈনন্দিন কাজের জন্য মধ্যম মানের মডেল। আর ‘লুনা’ দ্রুতগতির ও কম খরচের একটি মডেল।
গতকাল মঙ্গলবার এক্সে দেয়া এক পোস্টে ওপেনএআই বলেছে, ‘জিপিটি-৫.৬ সল, টেরা ও লুনা আগামী বৃহস্পতিবার সবার জন্য উন্মুক্ত হবে। একইসাথে আমরা এখন বিশ্বব্যাপী প্রিভিউ অ্যাক্সেস সম্প্রসারণ করছি।’
তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটি আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস মঙ্গলবার পরিস্থিতির সাথে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে জানায়, কোম্পানির সাথে সরকারি কর্মকর্তাদের পরীক্ষা-নিরীক্ষা ও বৈঠকের পর ট্রাম্প প্রশাসন জিপিটি-৫.৬-এর ব্যাপক উন্মোচনের জন্য ওপেনএআইকে সবুজ সঙ্কেত দিয়েছে।
অ্যাক্সিওসের এ প্রতিবেদনের বিষয়ে মন্তব্য জানতে ওপেনএআই, হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের সাথে যোগাযোগ করেছে এএফপি।
গত সপ্তাহে ওপেনএআইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকও একই ধরনের ঘোষণা দেয়।
প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্র সরকার তাদের সবচেয়ে শক্তিশালী ফেবল ৫ ও মিথোস ৫ মডেল কোথায় উন্মুক্ত করা যাবে, সে বিষয়ে আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার পর সেগুলোর বৈশ্বিক প্রবেশাধিকার ধীরে ধীরে পুনর্বহাল করা হবে। সূত্র : বাসস



