শিশুদের শিক্ষা ও চরিত্র গঠনে ভয়ভীতি বা শারীরিক শাস্তির পরিবর্তে স্নেহ, ভালো ব্যবহার এবং শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রখ্যাত আলেম, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের জ্যেষ্ঠ নেতা ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মাওলানা সাজ্জাদ নোমানী।
সম্প্রতি বাংলাদেশ সফরকালে আস-সুন্নাহ ফাউন্ডেশনের আমন্ত্রণে দেশের আলেমদের এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, অনেক ইংরেজি মাধ্যম বা আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করতে স্নেহ, সম্মান ও বিভিন্ন ইতিবাচক পদ্ধতি অনুসরণ করা হয়। অথচ কিছু মাদরাসায় এখনো শিক্ষার্থীদের শাসনের নামে মারধর, ভয়ভীতি প্রদর্শন কিংবা কঠোর আচরণের অভিযোগ শোনা যায়। এমন পরিবেশ একটি শিশুর স্বাভাবিক বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহকে ক্ষতিগ্রস্ত করে।
মাওলানা সাজ্জাদ নোমানী বলেন, ‘শিশুদের ভয় দেখিয়ে নয়, বরং ভালো ব্যবহার, আন্তরিকতা এবং সন্তানতুল্য মমতা দিয়ে শিক্ষা দিতে হবে। একজন শিক্ষক যখন শিক্ষার্থীদের আপন সন্তানের মতো ভালোবাসবেন, তখনই তারা আত্মবিশ্বাসী, নৈতিক ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠবে।’
তিনি আরো বলেন, এ ধরনের নেতিবাচক চিত্র সমগ্র মাদরাসা শিক্ষাব্যবস্থার প্রতিচ্ছবি নয়। বাংলাদেশসহ উপমহাদেশের অধিকাংশ মাদরাসায় নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিশু নির্যাতনের ঘটনা কিংবা অমানবিক আচরণ কিছু বিচ্ছিন্ন প্রতিষ্ঠানে সীমাবদ্ধ, এবং এমন শিক্ষকের সংখ্যাও খুবই কম।
সভায় উপস্থিত আলেমরা শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্নেহময় ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং এ ধরনের ইতিবাচক উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন।



