যুগের আলেম তৈরির প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা মার্সিফুল ইন্টারন্যাশনাল মাদরাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো: শামছুল আলম বলেছেন, ‘সৎ নাগরিক তৈরির জন্য ইসলামি শিক্ষার কোনো বিকল্প নেই। মাদরাসার ভূমিকা এ ক্ষেত্রে অপরিসীম।’
রোববার (১৮ জানুয়ারি) মোহাম্মদপুরের বছিলার ওয়েস্ট ধানমণ্ডিতে অবস্থিত মাদরাসাটির নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুফতী কাজী ইব্রাহিম।
প্রধান বক্তা মুফতী কাজী ইব্রাহিম বলেন, ‘মার্সিফুল ইন্টারন্যাশনাল মাদরাসা কোরআনের শিক্ষা বিতরণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। মৌলিক শিক্ষার উৎস আল কোরআন। পরিকল্পিত ও আধুনিক উপায়ে এখানে শিক্ষা প্রদান করা হবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: কামাল হোসেন ও হাবীব কাইয়্যুম। বাদ আসর হতে রাত ৮টা পর্যন্ত চলা এ কোরআন মাহফিলে বিপুল সংখ্যক পুরুষ-নারীকে অংশগ্রহণ করতে দেখা যায়।



