১৫টি ভাষায় লাইভ সম্প্রচার হবে মক্কা-মদিনার জুমার খুতবা

শায়খ ড. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইসের নির্দেশনায় এই কার্যক্রমটি পরিচালিত হবে

নয়া দিগন্ত অনলাইন
১৫টি ভাষায় লাইভ সম্প্রচার হবে মক্কা-মদিনার জুমার খুতবা
১৫টি ভাষায় লাইভ সম্প্রচার হবে মক্কা-মদিনার জুমার খুতবা |সংগৃহীত

মক্কা ও মদিনায় অবস্থিত ইসলামের পবিত্রতম দুই মসজিদ—মসজিদুল হারাম ও মসজিদে নববীর জুমার খুতবা ১৫টি ভাষায় লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

বুধবার (৩১ জুলাই) সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানিয়েছে, এরই মধ্যে হারামাইন শরিফাইনের (পবিত্র দুই মসজিদ) ধর্মীয় বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এ সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

এসপিএর দেয়া তথ্যমতে- হারামাইন শরিফাইনে জুমার নামাজের পূর্বে দেয়া খুতবা প্রেসিডেন্সির নির্দিষ্ট ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচার করা হবে এবং আজ শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজ থেকেই এই সম্প্রচার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

একাধিক বিদেশী ভাষায় খুতবা লাইভ সম্প্রচারের এই কার্যক্রম ১৫টি ভাষা দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে অন্তত ৩০টি ভাষায় উন্নীত করা হবে। বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন ভাষার মানুষ যাতে দুই মসজিদের খুতবা থেকে উপকৃত হতে পারে, সেজন্য সৌদি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে, এই ১৫টি ভাষাগুলো কী কী, তা উল্লেখ করা হয়নি।

মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইসের নির্দেশনায় এই কার্যক্রমটি পরিচালিত হবে।

সূত্র : এসপিএ