দেশের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীদের সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মুহিউসসুন্নাহ মাহমুদুল হাসানের উদ্যোগে আয়োজিত সভায় সূচনা বক্তব্য দেন সংগঠনের সদস্য মাওলানা মাহফুজুল হক। এ সময় আল-হাইআতুল উলয়ার সদস্য মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মুফতি এনামুল হক (বসুন্ধরা) এবং অফিস ব্যবস্থাপক মো. অছিউর রহমান উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় দেশের কওমি মাদরাসা শিক্ষা, এর বর্তমান পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আল-হাইআতুল উলয়ার সদস্যরা কওমি মাদরাসা শিক্ষার পরিচয়, বৈশিষ্ট্য ও স্বকীয়তা এবং আল-হাইআতুল উলয়া ও এর অধীন ছয়টি শিক্ষা বোর্ডের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন। একই সাথে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে আল-হাইআতুল উলয়ার অবস্থান তুলে ধরেন তারা।
সভায় বক্তারা জাতি গঠন, সত্য প্রতিষ্ঠা ও জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। কওমি মাদরাসা শিক্ষা-সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তারা।
মতবিনিময়কালে সংবাদকর্মীরা আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন বিষয়ে জানতে চান এবং মতামত ও পরামর্শ দেন। এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আয়োজনের জন্য তারা আল-হাইআতুল উলয়াকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় অংশ নেয়া গণমাধ্যমকর্মীদের মধ্যে ছিলেন ঢাকা মেইল ডটকমের প্রধান বার্তা সম্পাদক জহির উদ্দীন বাবর, শীলন বাংলার সম্পাদক মাসউদুল কাদির, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, সময় টেলিভিশনের অ্যাসোসিয়েট জয়েন্ট নিউজ এডিটর মুফতি আবদুল্লাহ তামীম, গ্লোবাল টেলিভিশনের সাব-এডিটর জামিল আহমদ, এশিয়া পোস্টের হেড অব ইসলাম রায়হান রাশেদ, দৈনিক নয়া দিগন্তের সাব-এডিটর বেলায়েত হোসাইন, দৈনিক কালবেলার হেড অব ইসলাম আবু তালহা রায়হান, আজকের পত্রিকার সাব-এডিটর কাউসার লাবীব, বাংলা পোস্টের সাব-এডিটর হাসান আল মাহমুদ, এনপিবির সাব-এডিটর জাওয়াদ আহমদ এবং ফেস দ্য পিপলের স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম রইস।
আল-হাইআতুল উলয়ার পক্ষ থেকে জানানো হয়, সঠিক ও যাচাইকৃত তথ্য দিয়ে গণমাধ্যমকে সহযোগিতা করতে তাদের দ্বার সবসময় উন্মুক্ত। ভবিষ্যতেও গণমাধ্যমকর্মীদের সাথে এ ধরনের মতবিনিময় ও যোগাযোগ অব্যাহত থাকবে।



