ক্রীড়া প্রতিবেদক
নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছে বাংলাদেশ। এতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে গেল টাইগাররা। আশঙ্কা দেখা দিয়েছে সিরিজ হারের। মিরপুরে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ২৪৮ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে গিয়ে ২২১ রানেই সব ক’টি উইকেট হারায় মেহেদী মিরাজের দল।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাইফ হাসান বলেন, এখানে উইকেট ভালো ছিল। কিন্তু আমার মনে হয় আমরা যদি উইকেটে আরেকটু অ্যাডাপ্ট করতে পারতাম, তাহলে ভালো হতো। বিষয়টা একটু চ্যালেঞ্জিং ছিল তবে এ নিয়ে এক্সকিউজ দেয়ার কিছু নেই। আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছি, তো আমাদের সেই লেভেলে প্রস্তুতি আছে। তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা আজকে ঠিকমতো এক্সিকিউট করতে পারিনি।
উইকেট গতিবিধি জানতেন কি না এমন এক প্রশ্নের উত্তরে সাইফ বলেন. উইকেট নিয়ে আমাদের একটা ধারণা ছিল। তার থেকে কিছুটা আলাদা আচরণ পেয়েছি তবে আমার মনে হয় ওই অজুহাত দিয়ে কোনো লাভ নেই। আমরা ২২-২৫ ওভার পর্যন্ত ম্যাচে ছিলাম। ভুল সময়ে কিছু উইকেট পড়াতে আমরা প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়েছি।
খেলোয়াড়দের প্রতি আমাদের মেসেজ ক্লিয়ার ছিল তবে এক্সিকিউস ঠিকমতো করতে পারেনি সবাই। ক্রিজে গিয়ে ব্যাটাররা কী চিন্তা করেছে সেটা তারাই ভালো বলতে পারবেন।
আমাদের ইমপ্রুভ করার জায়গা আছে। উইকেট একটু চ্যালেঞ্জিং ছিল তবে যদি আরো ইমপ্রুভ করতে পারি তবে সেটা টিমের জন্যই ভালো ফল বয়ে আনবে। আফিফ আর মিরাজের ব্যাটিংয়ের সময়ও আমরা ম্যাচেই ছিলাম। এই জুটি যদি আরেকটু ক্যারি করতে পারত তবে আমরা ম্যাচটি জিতে যেতাম।
ভিন্ন উইকেটে খেলা নিয়ে এক প্রশ্নে সাইফ বলেন, ডিফারেন্ট উইকেটে খেলার অভ্যাস করতে হবে। এটা আমাদের হাতে নাই, উইকেট একেক দিন একেক রকম হতে পারে। আসল ব্যাপার হলো মাঠে গিয়ে আমরা কতটুকু এডাপ্ট করতে পারি। এটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ম্যাচে আমরা কিছু ক্যাচ মিস করেছি, সেখানে কিছু রান রেড়েছে। ওই ক্যাচগুলো ধরতে পারলে ভালো হতো। তবে এটি ম্যাচেরই অংশ।
নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল হওয়া স্বত্তেও কেন এমন পারফরম্যান্স তার উত্তরে সাইফ বরেন, কোন পর্যায়ের টিম সেটা আমাদের দেখার বিষয় নয়। এটা ওদের ন্যাশনাল টিম আমরা সেটাই জানি। ইনশা আল্লাহ আমরা সামনের ম্যাচে ভালো করব।



