কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মো: মুজিবুর রহমান বলেছেন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে কুরআনের আইন বাস্তবায়নের জন্য সংসদে সৎ ও যোগ্য মানুষ পাঠাতে হবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে এ কথা বলেন।
গতকাল শনিবার জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। জনসভায় জয়পুরহাট-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজের পক্ষে ভোট চান।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে দেশ দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিতে জর্জরিত। এসব সমস্যা থেকে মুক্তি পেতে হলে কুরআন ও সুন্নাহভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠার বিকল্প নেই। তিনি বলেন, ‘জনগণ যদি সত্যিকার পরিবর্তন চায়, তা হলে সংসদে সৎ মানুষ পাঠাতে হবে।’
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মো: ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারি মো: গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো: মামুনুর রশীদ, তারবিয়াত সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য পদপ্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে জয়পুরহাট-২ আসনের কৃষি উন্নয়ন, রেলস্টেশন আধুনিকীকরণ, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, সড়ক যোগাযোগ, হাট-বাজার সংস্কার এবং নান্দাইল দীঘি, আচরাঙ্গা দীঘি ও বিলেরঘাটসহ পর্যটন এলাকার উন্নয়ন করা হবে। পাশাপাশি তিলকপুরে আলু প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।



