নিউ ইয়র্ক টাইমস
দীর্ঘ ৯ মাস সামরিক অভিযানে নিয়োজিত থাকার পর মধ্যপ্রাচ্য ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর উদ্দেশে রওয়ানা দিয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। গত বৃহস্পতিবার প্রায় পাঁচ হাজার নাবিক ও ক্রু সদস্য নিয়ে রণতরীটি নিজ দেশের পথে যাত্রা শুরু করে। যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নিরবচ্ছিন্ন রাখতে এর স্থলাভিষিক্ত হয়েছে জাপানে প্রস্তুত থাকা অপর বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন।
এক মার্কিন কর্মকর্তা ইউএসএস আব্রাহাম লিংকনের মধ্যপ্রাচ্য ত্যাগ করার খবরটি নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক মতামত নিবন্ধে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার রণতরীটির ফিরে যাওয়ার সঙ্কেত দেন। নিবন্ধে তিনি উল্লেখ করেন, ‘শুভযাত্রা। অতি দ্রুতই প্রিয়জনদের সান্নিধ্য মিলবে।’ ইরানবিরোধী মার্কিন সামরিক কার্যক্রমের অংশ হিসেবে এই এলাকায় ইউএসএস আব্রাহাম লিংকনকে আনা হয়েছিল। গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে যাত্রা শুরুর পর গত ২৭২ দিনের দীর্ঘ অভিযানে রণতরীটি মাত্র দুইবার নোঙর করার সুযোগ পায়; প্রথমবার ডিসেম্বরে গুয়ামে সংক্ষিপ্ত বিরতি এবং পরবর্তী সময়ে ওমানে রসদ গ্রহণের জন্য। বিশ্রামহীন এই পুরো সময় নাবিকরা সার্বক্ষণিক সমুদ্রে কাটিয়েছেন। এখন প্রায় ১৩ হাজার মাইল সামুদ্রিক পথ অতিক্রম করে নিজ দেশে ফিরতে তাদের আরো চার থেকে পাঁচ সপ্তাহ লাগবে।



