নিজস্ব প্রতিবেদক
গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনেই ছয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আর অনুপস্থিত ছিলেন ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডের একজন পরিদর্শকও বহিষ্কার হয়েছেন। গতকাল বিকেলে এসব তথ্য দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বোর্ড সূত্র জানায়, প্রথম দিনে এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১৫ লাখ ৯ হাজার ৬ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা থাকলেও অংশ নেন ১৪ লাখ ৮৩ হাজার ৫৯৮ জন। বাকি ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। দেশজুড়ে ৩ হাজার ৮৭৫টি পরীক্ষা কেন্দ্রের তথ্য দিয়েছে কমিটি। সূত্র আরো জানায়, প্রথম দিনে সাধারণ ৯ শিক্ষাবোর্ডের মধ্যে ঢাকা ও দিনাজপুর শিক্ষাবোর্ডে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মাদরাসা বোর্ডের অধীনে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শিক্ষামন্ত্রীর সন্তোষ প্রকাশ
প্রথম দিনে কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকের কাছে সন্তোষ প্রকাশ করে বলেছেন, আমি কিছু কিছু জায়গায় মনিটরে বসে দেখেছি, কিছু জায়গায় রুমে গিয়ে দেখেছি। ক্যামেরার লোকেশন কি সেটা দেখেছি। প্রথম দিনে এসএসসি পরীক্ষা সুন্দর হয়েছে। পরীক্ষার প্রথম দিনেই দুই জেলায় পাঁচ কেন্দ্রে আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।
কেন্দ্র পরিদর্শনে ড. মাহদী আমিন
এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে রাজধানীর কয়েকটি কেন্দ্রের সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। সকালে তিনি পরিদর্শন করেন ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং গণভবন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র। কেন্দ্র পরিদর্শন শেষে ড. মাহদী আমিন তার এক ফেসবুক পোস্টে বলেন, ‘পরীক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে পরীক্ষায় অংশ নিচ্ছে।
পরীক্ষা কেন্দ্রে ৯ মিনিট ফেসবুকে লাইভ করেন এমপি সেলিম ভূঁইয়া
পরীক্ষাসংক্রান্ত আইন এবং শিক্ষামন্ত্রীর অনুরোধ অমান্য করে এসএসসি পরীক্ষার কেন্দ্রে গিয়ে হলের ভেতর থেকে ফেসবুকে লাইভ করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য আইনজীবী মো: সেলিম ভূঁইয়া। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গতকাল সকালে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান সংসদ সদস্য সেলিম ভূঁইয়া। এ সময় তার ‘অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি’ ফেসবুক পেজ থেকে লাইভ করা হয়। ওই ফেসবুক লাইভে দেখা গেছে, আইনজীবী সেলিম ভূঁইয়া হোমনা সরকারি কলেজের সিঁড়ি বেয়ে দোতলায় উঠছেন। পরে পরীক্ষার হলের একটি কক্ষের সামনে দাঁড়িয়ে শিক্ষক এবং পরীক্ষার্থীদের অঙ্গভঙ্গিতে নির্দেশনা দিচ্ছেন।
এভাবে ৮ মিনিট ৫৭ সেকেন্ড লাইভে সংযুক্ত থাকতে দেখা গেছে সংসদ সদস্য সেলিম ভূইয়াকে। যদিও পরীক্ষা উপলক্ষে কেন্দ্র ও এর আশেপাশের এলাকায় জারি করা ১৪৪ ধারা অনুযায়ী যাতায়াত সীমিত। ১৪৪ ধারা এবং মন্ত্রীর কঠোর নির্দেশনার পরও সংসদ সদস্য সেলিম ভূঁইয়া পরীক্ষার হল পরিদর্শন করেছেন, যা সুস্পষ্ট নির্দেশনা অমান্য। আচরণে বিস্ময় প্রকাশ করেছেন সচেতন মহল। তাদের দাবি মন্ত্রীর নির্দেশ অনুযায়ী একজন সংসদ সদস্য হয়ে তিনি পরীক্ষা পরিদর্শনই করতে পারেন না, সেখানে কক্ষ থেকে লাইভ করে ভালো কাজ করেননি।
সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি আলমগীর খান বলেন, জনপ্রতিনিধি পরীক্ষার হলে প্রবেশ করলে এমনিতেই শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ বাড়ে। সে কারণে মন্ত্রী হয়তো নির্দেশনা দিয়েছেন। সংসদ সদস্য হয়েও তিনি মন্ত্রীর নির্দেশ অমান্য করেছেন। এটা অপ্রত্যাশিত।
হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্রসচিব, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক তাজুল ইসলাম বলেন, আমাকে একজন বলল এমপি স্যার এসেছেন, আমি তখন উনার সাথে দেখা করতে যাই। পরে আমার প্রশ্নপত্রের কাজ ছিল বিধায় দেখা করে আমি চলে যাই। সংসদ সদস্যের সাথে দু’জন বহিরাগত ব্যক্তি ছিল, একজন সামনে থেকে ক্যামেরা ধরেছেন, আরেকজন পেছন থেকে ভিডিও করছেন এটা দেখেছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উনার (সংসদ সদস্য) সাথে আর কে ছিল আমি খেয়াল করিনি।
দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ১১৭৮ জন, বহিষ্কার ১
রংপুর ব্যুরো জানায়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় এসএসসি বাংলা প্রথম পত্রে অনুপস্থিত ছিল এক হাজার ১৭৮ জন এবং বহিষ্কার হয়েছে একজন। গতকাল মঙ্গলবার দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: বোরহান উদ্দিন এই তথ্য জানান। এক লাখ ৪১ হাজার ২৪২ জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও উপস্থিত হয়েছে এক লাখ ৪০ হাজার ৪২ জন। এতে এক হাজার ১৭৮ জন অনুপস্থিত হয়। মোট ২৮৩ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।
রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম ও ডিসি মোহাম্মদ রুহুল আমিন নগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৪৬ হাজার
বাসস জানায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট এক লাখ ৪৬ হাজার ৮১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর-এই ছয় জেলার ২৭৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।



