চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলে এমভি বে হারবার-২ নামের লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ৩টায় পতেঙ্গার কর্ণফুলী নদীর ১৮ নং ঘাটসংলগ্ন এলাকায় এম ভি বে হারবার-২ এর সাথে এমভি সামুদা-৬ এর মুখোমুখি সংঘর্ষে জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজের ক্রুদের জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, মুখোমুখি সংঘর্ষের ফলে জাহাজটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজের হাল ফেটে পানি প্রবেশের ফলে একপাশে হেলে পড়ে। এমতাবস্থায়, জাহাজটি কিছুদূর গিয়ে বহিঃনোঙর বয়া নং ২ ও ৩ এর মধ্যবর্তী স্থানে প্রায় সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট পতেঙ্গা ডুবে যাওয়া জাহাজে অবস্থানরত ১২ জন ক্রুর মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। এ ছাড়াও অপর চারজন নিখোঁজ ক্রু প্রবল স্রোতের টানে পারকির চরের দিকে ভেসে গিয়ে নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ক্রুদের প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য সহায়তা প্রদান এবং সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।



