রাজবাড়ীতে সাব মেশিনগানসহ গ্রেফতার ২

Printed Edition

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি স্টার্লিং সাবমেশিনগান, একটি বিদেশি পিস্তল, ৩৪ রাউন্ড তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গত বৃহস্পতিবার র‌্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্প এ তথ্য নিশ্চিত করে। গ্রেফতাররা হলেন- রাজবাড়ী সদর উপজেলার মহিষখোলা এলাকার মমিন মোল্লা (৪০) এবং গোয়ালন্দ উপজেলার হাসান আলী বিশ্বাস (৩৬)।

র‌্যাব জানায়, গত বুধবার সন্ধ্যায় সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মমিন মোল্লাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী স্টার্লিং সাবমেশিনগান, দু’টি ম্যাগাজিন, ২৮ রাউন্ড তাজা কার্তুজ ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

একই রাতে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজ-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা কার্তুজ, কয়েকটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন এবং ১৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে।