নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে শূরার অধিবেশনে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। একইসাথে জাতীয় ঐকমত্য, গণতান্ত্রিক সংস্কার, সুশাসন, ন্যায়বিচার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জুলাই সনদের কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
গতকাল শনিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ অধিবেশনে সভাপতিত্ব করেন পার্টির আমির (ভারপ্রাপ্ত) আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী। অধিবেশন পরিচালনা করেন মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার।
অধিবেশনে দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করে শূরা সদস্যরা বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং রাষ্ট্রে ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করা জরুরি।
সভায় ফ্যাসিবাদী অপশক্তি ও তাদের দোসরদের পুনরায় সক্রিয় হওয়ার বিভিন্ন প্রচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
অধিবেশনে আরো উপস্থিত ছিলেন- সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমির মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী ও ডা: মাওলানা মুহাম্মদ ইলিয়াস, সহকারী অর্থসচিব মাওলানা আনোয়ারুল কবির প্রমুখ।



