সাংস্কৃতিক প্রতিবেদক
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এর মাধ্যমে ৪৭, ৭১ ও ২৪-এর চেতনাকে ধারণ করে বাংলাদেশপন্থী কালচার বিনির্মাণের প্রত্যয়ে গড়ে ওঠা ইনকিলাব মঞ্চ তৃতীয় বর্ষে পদার্পণ করল।
এতে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর মারদিয়া মমতাজ এমপি, জাতীয় নাগরিক পার্টির ডা: মাহমুদা আলম মিতু, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দীন আম্মার। এ ছাড়া জুলাই আন্দোলনের অংশীজন এবং গণ-অভ্যুত্থানে অংশ নেয়া বিভিন্ন সংগঠক ও সক্রিয় কর্মীরা, শহীদ পরিবার, বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারাসহ নানা শ্রেণীপেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলে গতকাল ফজরের নামাজের পর শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বিপ্লবী র্যালি, যার নাম দেয়া হয় ‘রাহে ইনকিলাব’। র্যালির পর ছিল লাঞ্চ ব্রেক। শাহবাগের হাদী চত্বরে দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হয় ‘আজাদীর মোলাকাত : শহীদ পরিবারের অভিমত’। বিকেল সাড়ে ৩টায় ছিল ‘শুভাকাক্সীদের অভিপ্রায়’ পর্ব। এরপর শুরু হয় কবি-সাহিত্যিক ও শিল্পীদের অভিমত-আলোচনা অনুষ্ঠান।
বিকেল সাড়ে ৫টায় ছিল ‘ইশক-এ ইনকিলাব : আষাঢ়-শ্রাবণ জুলাই’ শীর্ষক আয়োজন। সন্ধ্যা ৭টায় মঞ্চ নাটক ‘লাল জুলাই’ এবং সন্ধ্যা সাড়ে ৭টা অনুষ্ঠিত হয় কনসার্ট।


