রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ফখরুল ইসলামকে ড্যাবের অভিনন্দন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ ও মহাসচিব ডা: মো: জহিরুল ইসলাম শাকিল।

গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে ড্যাব নেতারা বলেন, দীর্ঘ ৩৫ বছর পর দেশে সরাসরি প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদ সদস্যদের ভোটে নিরঙ্কুশ বিজয় অর্জন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সাংবিধানিক সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন; যা তার দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, নিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে অসামান্য অবদানেরই স্বীকৃতি। ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, দূরদর্শিতা ও ধৈর্যের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আজ তাকে জাতির সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন করেছে।

অভিনন্দন বার্তায় ড্যাব নেতারা আরো বলেন, এই নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরো শক্তিশালী হবে। তারা বলেন, তার প্রজ্ঞা, অভিজ্ঞতা ও সুদক্ষ নেতৃত্ব জাতীয় ঐক্য সুসংহতকরণ ও সাংবিধানিক পদের মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।