ভোলা প্রতিনিধি
ভোলার মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। পরে বন আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- মো: বেল্লাল, মো: জিহাদ ও মো: হাছান। তাদের সবার বাড়ি উপজেলার বিচ্ছিন্ন চর কলাতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে।
বন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পচাকোড়ালিয়া বিটের চরপাতালিয়া সংরক্ষিত বনাঞ্চলের একটি খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিলেন ওই তিন জেলে। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
পরে বন আইনে মামলা দায়ের করে আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয়। শনিবার সকালে আদালতের নির্দেশে তাদের চরফ্যাসন হয়ে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।
পচাকোড়ালিয়া বিট কর্মকর্তা সজিব সরকার বলেন, সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। মনপুরা উপজেলা বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা রাসেদুল হাসান বলেন, আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে শনিবার সকালে তিনজনকে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।



