গাজীপুরে চীনা ব্যবসায়ীর ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ

Printed Edition

গাজীপুর থেকে

গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার চীনা চেয়ারম্যানের গাড়ি থেকে শ্রমিকদের বেতন ও কারখানার অন্যান্য খরচের জন্য রাখা এক কোটি টাকা চুরির ঘটনায় ব্যক্তিগত গাড়িচালকসহ তিনজনকে আটক করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুর। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া ৯৭ লাখ তিন হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার দুপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজেন্দ্রপুরের একটি তৈরি পোশাক কারখানা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাবের সামনে যাত্রাবিরতি করেন ল্যাভেন্ডার ফ্যাশনের চেয়ারম্যান চীনা নাগরিক। এ সময় তার ব্যক্তিগত গাড়িচালক জাহিদ হাসান গাড়িতে রাখা শ্রমিকদের বেতন ও কারখানার অন্যান্য ব্যয়ের এক কোটি টাকা নিয়ে পালিয়ে যান। পরে তিনি মালিককে অনুশোচনা প্রকাশ করে একটি খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলা হলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, ছায়া তদন্ত শুরু করে। শিল্পপ্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট হওয়ায় ঘটনাটিকে গুরুত্ব দিয়ে ঢাকা, গাজীপুর ও ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ঝিনাইদহ সদর এলাকা থেকে মূল অভিযুক্ত জাহিদ হাসানকে (৩০) আটক করা হয়। তিনি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার কুলবাড়িয়া গ্রামের মো: দবির উদ্দিনের ছেলে। তার কাছ থেকে ৮৬ লাখ টাকা উদ্ধার করা হয়।