শ্বশুরবাড়ির দাওয়াত নিয়ে বিরোধে কনের বাবাকে হত্যা, আটক ৩

Printed Edition

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ছেলের শ্বশুরবাড়িতে দাওয়াত গ্রহণ না করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের মারধরে আবুল বাশার (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে নিহতের মেয়ের শ্বশুর, শাশুড়ি ও ননদের জামাইকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাশার ওই গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল বাশারের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে ময়না আক্তারের অনুষ্ঠান উপলক্ষে আজ (শুক্রবার অনুষ্ঠিতব্য) একটি দাওয়াত দিতে আসেন মেয়ের শ্বশুর আব্দুল মতিন, শাশুড়ি রোজিনা বেগম ও ননদের জামাই মো: হৃদয়। কিন্তু একই দিনে পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠান থাকায় আবুল বাশার ওই দাওয়াতে যেতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে আবুল বাশারের গলা চেপে ধরেন এবং বুকে এলোপাতাড়ি ঘুষি মেরে মাটিতে ফেলে দেন। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা অভিযুক্ত তিনজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আটক ব্যক্তিরা হলেন- দেবিদ্বার উপজেলার রঘুরামপুর গ্রামের বাসিন্দা আব্দুল মতিন, তার স্ত্রী রোজিনা বেগম এবং তাদের মেয়ের জামাই মো: হৃদয়।

নিহতের স্ত্রী ঝর্না বেগম অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাদের মেয়েকে নির্যাতন করা হতো। ঘটনার দিন দাওয়াতের পাশাপাশি খাসিসহ বিভিন্ন উপহারসামগ্রী নিয়ে যেতে বলা হয়েছিল। রাজি না হওয়ায় তারা তার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে। ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন জানান, পুলিশ লাশ ময়নাতদন্ত এ ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিহতের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।