নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে এক হাজার ১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ অনুদান বিতরণ করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো: সাখাওয়াত হোসেন খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করে বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে পরিচ্ছন্নতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই নগরবাসী পরিচ্ছন্ন পরিবেশে বসবাসের সুযোগ পাচ্ছেন। তাই ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে সরকার তাদের পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদুল ফিতরের মতো এবারো ঈদুল আজহা উপলক্ষে প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করেছেন। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।’ আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে সিটি করপোরেশনের প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি।

প্রশাসক বলেন, ‘ঈদের দিন বেলা সাড়ে ১১টা থেকে নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। নগরবাসী যেন কোনো ধরনের দুর্ভোগে না পড়েন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। প্রতিটি ওয়ার্ডে আমি নিজেও উপস্থিত থেকে তদারকি করব। পরিচ্ছন্নতাকর্মীদের জন্য সেদিন বিশেষ বরাদ্দও রাখা হয়েছে।’ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী ইসমাইল চৌধুরী, সমাজকল্যাণ কর্মকর্তা এ কে এম ফরিদুল মিরাজ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত উদ্দিন, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু ও মো: শামসুজ্জোহা, সাবেক নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, দিলারা মাসুদ ময়না, মাসুদা মোজাফফরসহ অন্যরা।