কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জে গত রোববার সন্ধ্যায় কালবৈশাখীর সাথে ঝরেছে আকাশকাঁপানো শিলা। তবে সবাইকে অবাক করে দিয়েছে উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামের একটি মাঠের দৃশ্য। সেখানে বিশাল আকৃতির একটি শিলা পড়ে থাকতে দেখা গেছে, যার ওজন প্রায় এক মণ (৪০ কেজি)! গতকাল সোমবার সকালে নিজের কৃষিজমি দেখতে গিয়ে বড় এই শিলাটি পড়ে থাকতে দেখেন কৃষক কৃষ্ণ চন্দ্র অধিকারী। তিনি জানান, শিলাটি এতই ভারী ছিল যে একা উঁচু করে আনা সম্ভব হয়নি। পরে কৌতূহলবশত শিলাটির বড় একটি অংশ ভেঙে তিনি স্থানীয় বাজারে নিয়ে আসেন। বিশাল আকৃতির এই শিলার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা বাজারে ভিড় জমান। স্থানীয় বাসিন্দারা বলছেন, আকাশ থেকে ছোট ও মাঝারি আকারের শিলা পড়ার অভিজ্ঞতা তাদের থাকলেও, এক মণের কাছাকাছি ওজনের এমন দানবীয় শিলা এই অঞ্চলে আগে কখনো দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমেও শিলাটির ছবি ও ভিডিও নিয়ে এখন বেশ শোরগোল চলছে।



