চট্টগ্রাম ব্যুরো
সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়াল (১৯) নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শামীম বিশ্বাস (৩১) নামে এক ক্রেনচালককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন ফ্রি পোর্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নিহত নাফিসা নাওয়াল চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, শনিবার সকাল পৌনে ৯টার দিকে নাফিসা পাঠাও মোটরসাইকেলে করে এইচএসসি পরীক্ষার কেন্দ্র হাজী মুহাম্মদ মহসিন কলেজে যাচ্ছিলেন। এয়ারপোর্ট-সল্টগোলা ক্রসিং সড়কের পশ্চিম লেনে বন্দরটিলা নেভী হাসপাতাল গেটের দক্ষিণ হালিশহর উচ্চবিদ্যালয়ের বিপরীতে ওয়ালটন শোরুমের সামনে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে তিনি মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ক্রেনের চাপায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ক্রেনচালক শামীম বিশ্বাস পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বাবা মামুন (৪৬) বাদি হয়ে ইপিজেড থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হেফাজ উদ্দিন বলেন, তাকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।



