নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় আহমেদুল কবির অপু (৪২) নামে জেল পলাতক এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মরজাল ইউনিয়নের বশির উদ্দিন উচ্চবিদ্যালয় সংলগ্ন একটি স’মিল থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত অপু উপজেলার মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ৯টি মামলা রয়েছে। এলাকাবাসী বলছেন, ২০২৪ এর আন্দোলনের সময় ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলার ঘটনায় বন্দী অবস্থায় পালিয়ে যান অপু। পলাতক থাকলেও তিনি নিয়মিত এলাকায় যাতায়াত করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন অপু। এ সময় তার সাথে আরো চার থেকে পাঁচজন লোক ছিল। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে স্থানীয়রা স’মিলে একটি অজ্ঞাতপরিচয় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত ছুরি ও নিহতের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
অপুর বোন মিতা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশের ছবি দেখে ভাইকে শনাক্ত করেন। তবে অপুর সাথে কারও পূর্ববিরোধ ছিল কি না এ বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।
রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



