নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে কৃষক ও শ্রমিক শ্রেণীর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবময়। মহান মুক্তিযুদ্ধের সময় দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের শ্রমিকরা সক্রিয়ভাবে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল। অনেক শ্রমিক অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে অংশ নেন, আবার কেউ কেউ গোপনে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেন খাদ্য, আশ্রয় ও তথ্য সরবরাহের মাধ্যমে।
গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফেডারেশনের সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, লস্কর মোহাম্মাদ তসলিম, কবির আহমদ, মজিবুর রহমান ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক আব্দুস সালাম, মাওলানা মহিব্বুল্লা প্রমুখ।
তিনি আরো বলেন, ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পরে বিশেষ করে রেল, জুট মিল, বন্দর ও কারখানার শ্রমিকরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে নানাভাবে প্রতিরোধ গড়ে তোলেন। তারা সাপ্লাই লাইন ব্যাহত করে শত্রুদের দুর্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতার সংগ্রামে এই শ্রমজীবী মানুষের আত্মত্যাগ জাতি আজো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে।



