আলজাজিরা
হাঙ্গেরির রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তনের হাওয়া বইছে। সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের দীর্ঘ ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবশিষ্টাংশ মুছে ফেলতে এবার বড় পদক্ষেপ নিয়েছে দেশটির পার্লামেন্ট। অরবানের ঘনিষ্ঠ সহযোগী এবং দেশটির বর্তমান প্রেসিডেন্ট তামাস সুলিয়ককে তার মূলত আনুষ্ঠানিক পদ থেকে অপসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক সংবিধান সংশোধনী অনুমোদন করা হয়েছে।
গত সোমবার হাঙ্গেরির পার্লামেন্টে এই সংক্রান্ত একটি প্রস্তাব আনা হলে তা বিপুল ভোটে পাস হয়। প্রস্তাবের পক্ষে পড়ে ১৩৯টি ভোট আর বিপক্ষে পড়ে মাত্র ছয়টি ভোট। এই নতুন সংশোধনী পাসের ফলে প্রেসিডেন্ট সুলিয়কের মেয়াদ তাৎক্ষণিকভাবে শেষ হয়ে যাবে এবং পার্লামেন্ট নতুন একজন প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ পাবে। গত এপ্রিলের সাধারণ নির্বাচনে ডানপন্থী জাতীয়তাবাদী নেতা ভিক্টর অরবানকে ক্ষমতাচ্যুত করে হাঙ্গেরির সাধারণ মানুষ। নতুন প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ারের নেতৃত্বাধীন তিসা পার্টি সেই নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করে। মূলত এরপর থেকেই শুরু হয় অরবানের দলের ক্ষমতা খর্ব করার প্রক্রিয়া।



