ফুলছড়িতে অপহৃত শিশু উদ্ধার, জনতার হাতে আটক যুবককে পুলিশে সোপর্দ

Printed Edition

ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা

নারায়ণগঞ্জ থেকে অপহৃত ছয় বছর বয়সী এক কন্যা শিশুকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী সন্দেহে এক যুবককে আটক করে স্থানীয় জনতা, পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গত রোববার সন্ধ্যায় ফুলছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। গতকাল সোমবার সকালে প্রশাসনের মাধ্যমে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জে নিখোঁজ হওয়া শিশু মাইশার অপহরণের খবর ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। এদিকে অভিযুক্ত যুবক শিশুটিকে নিয়ে ফুলছড়ির চরাঞ্চলে আশ্রয় নেয়ার চেষ্টা করছিল।

সন্ধ্যায় শিশুটির কান্না ও যুবকের অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে অপহরণের কথা স্বীকার করে। পরে তাকে ইউপি সদস্যের বাড়িতে নিয়ে রাখা হয় এবং পুলিশে খবর দেয়া হয়।

খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার ও যুবককে আটক করে। থানার ওসি দুরুল হোদা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অপহরণের বিষয়টি স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সন্তানকে ফিরে পেয়ে পরিবার স্থানীয় জনতা ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।