তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে শিগগিরই সম্ভাব্যতা যাচাই শুরু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
গতকাল শনিবার সকালে দুই দিনের সফর শেষে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় চলনবিলের অংশ পরিদর্শন করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, বাংলাদেশের বৃহত্তম বিল চলনবিল প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ। একইসাথে চলনবিল-অধ্যুষিত নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকায় রয়েছে ঐতিহাসিক ও প্রতœতাত্ত্বিক নিদর্শন। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটনকে আরো আধুনিক ও আকর্ষণীয় করতে সরকার উদ্যোগ নিয়েছে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আয়নুল হক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো: শামীমুজ্জামান ও তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফছার আলী। সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল।



