পুরনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী

Printed Edition

বিনোদন প্রতিবেদক

নতুন সঙ্গীত আয়োজনে পুরনো গান। কয়েক বছর ধরে এটাই সঙ্গীতাঙ্গনের ট্রেন্ড। সিনেমাতেও ব্যবহার করা হচ্ছে আগের জনপ্রিয় গান। অনেক সময় আবার নতুন গানের সাথে পুরোনো জনপ্রিয় গানের অংশ জুড়ে দেয়া হচ্ছে। এবার এই তালিকায় নাম লেখাচ্ছেন সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী। তার গাওয়া জনপ্রিয় গানগুলো নতুন করে প্রকাশের পরিকল্পনা করছেন তিনি। অনেক আগেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পুরনো গান নতুন করে গাওয়ার প্রস্তাব পেয়েছিলেন ডলি সায়ন্তনী। কিন্তু সে সময় রাজি হননি তিনি। গত কুরবানির ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমায় ‘লিচুর বাগানে’ গানের সাফল্যের পর ভাবনা বদলেছেন ডলি সায়ন্তনী। তার গাওয়া জনপ্রিয় গানগুলো নতুন করে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। ডলি সায়ন্তনী বলেন, ‘বেশ কয়েকটি কোম্পানি আমাকে প্রস্তাব দিয়েছিল। প্রথম প্রথম মনে হতো, শ্রোতাদের মধ্যে পুরনো গান যেভাবে জায়গা করে আছে, নতুন সঙ্গীতায়োজন সেই জায়গা নিতে পারবে কিনা। তবে অন্যদের ক্ষেত্রে দেখছি, তারা ভালো সাড়া পাচ্ছে। শাকিব খানের সিনেমায় ব্যবহৃত লিচুর বাগান গানটি দুই যুগ আগে গেয়েছিলাম। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমাকে আবার গাইতে বলা হয়েছিল। রাজি হইনি। অথচ প্রীতম করল, সারা দেশে হইচই ফেলে দিলো।’