খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে মোদি ও শাহবাজ শরিফের শোকবার্তা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পৃথক শোকবার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকবার্তায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। মোদি তার বার্তায় বেগম খালেদা জিয়াকে দৃঢ় প্রত্যয় ও সাহসী নেতৃত্বের অধিকারী হিসেবে উল্লেখ করেন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার ঐতিহাসিক ভূমিকা স্মরণ করেন। একই সাথে বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে তার অবদানের কথাও তুলে ধরেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি এই ক্ষতিকে বাংলাদেশের রাজনীতির জন্য একটি বড় শূন্যতা হিসেবে উল্লেখ করেন। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি তারেক রহমান ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান শাহবাজ শরিফ।

দুই দেশের প্রধানমন্ত্রীই শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় অতিক্রমের জন্য শক্তি ও ধৈর্য কামনা করেন।