কূটনৈতিক প্রতিবেদক
কমনওয়েলথের ২৬তম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে (সিএফএএমএম) যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ লন্ডন যাচ্ছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির লন্ডনে পাঁচ দিনের সরকারি সফরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে থাকবেন।
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি পদে প্রার্থিতার জন্য সমর্থন আদায়ের ক্ষেত্রে কমনওয়েলথ বৈঠকটি বাংলাদেশের জন্য একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই বৈঠকের সাইডলাইনে বেশ কয়েকটি দেশের প্রতিনিধির সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবে।
ইউএনজিএর পরবর্তী সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ তার প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ের জন্য বিভিন্ন দেশের সাথে সক্রিয়ভাবে যোগাযোগ করছে। জেদ্দায় সম্প্রতি অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি সভায় সাইডলাইনে বাংলাদেশ তার প্রার্থিতার পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছে।
আগামী ২ জুন সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপ থেকে ফিলিস্তিন প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় ২০২৬-২৭ মেয়াদের জন্য এ পদে বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে সাইপ্রাস।
সর্বশেষ ১৯৮৬-৮৭ মেয়াদে জাতিসঙ্ঘের ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী। প্রায় চার দশক পর বাংলাদেশ আবারো এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।


