সিলেট ব্যুরো
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সারা দেশের মতো সিলেটেও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে নিজের ঘরেও মানুষ নিরাপদ নয়। খুন-খারাবি, চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। গতকাল বুধবার সকালে সিলেট নগরীর রায়নগরের মিতালী আবাসিক এলাকায় জামায়াত নেতারাসহ ট্রিপল মার্ডারের ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তারকে স্ত্রী ও গৃহকর্মীসহ গলা কেটে হত্যার ঘটনায় সিলেটবাসী বাকরুদ্ধ ও আতঙ্কিত।
এই রায়নগরে গত ৩১ মে এক যুবক খুন হন, ২২ মে কিনব্রিজে খুন হন র্যাব সদস্য এবং গত ২৭ জুলাই কাজিরবাজার ব্রিজে স্কুলছাত্র খুন হন। শান্তি ও সম্প্রীতির নগরী হিসেবে পরিচিত সিলেটে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ঘটলেও প্রশাসনের কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়। ফলে অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।
মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয়করণের কারণে রাষ্ট্র ও সমাজের সর্বত্র অরাজকতা বিরাজ করছে। এভাবে কোনো রাষ্ট্র চলতে পারে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।
ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি রায়নগরের ট্রিপল মার্ডারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন, নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান জামায়াতের এই নেতা। পাশাপাশি তিনি সিলেট নগরীতে খুন-খারাবি, চুরি-ছিনতাই বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান।


