গুইমারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Printed Edition

মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

খাগড়াছড়ির সিন্দুকছড়ি জোনের অন্তর্গত কুকিছড়াপাড়া এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্র জানায়, ইউপিডিএফ (মূল) দলের ১০-১৫ জনের একটি সশস্ত্র গ্রুপ কুকিছড়াপাড়ার একটি বাড়িতে অবস্থানের সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের নেতৃত্বে বুধবার ভোর সাড়ে ৫টায় সিন্দুকছড়ি, মহালছড়ি ও মাটিরাঙা জোনের সমন্বয়ে গঠিত সেনাবাহিনীর একটি বিশেষ দল ওই এলাকায় ‘কর্ডন অ্যান্ড সার্চ’ অপারেশন পরিচালনা করে। তল্লাশি দল ইউপিডিএফ’র পোস্ট পরিচালক তনিমং মারমার বাসভবন ঘেরাও করার সময় সেখানে অবস্থানরত দুইজন ইউপিডিএফ (মূল) সদস্য দৌঁড়ে নিকটস্থ ছড়ায় ঝাঁপ দেয়। অন্ধকারের সুযোগ নিয়ে তারা পাহাড়ি জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। সেনাসদস্যরা তাদের পিছু ধাওয়া করলেও দুর্গম ভূপ্রকৃতির কারণে তাদের আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী একটি দেশীয় পিস্তল, একটি দেশীয় পাইপগান, ছয় রাউন্ড পিস্তলের অ্যামোনিশন (গুলি), দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এসব অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি পদক্ষেপের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।