মদনের হাওরে বোরো ফসল নিয়ে শঙ্কায় কৃষক

Printed Edition

মদন (নেত্রকোণা) সংবাদদাতা

নেত্রকোণার মদন উপজেলায় কয়েক দিনের টানা বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বোরো ফসল নিয়ে চরম শঙ্কায় রয়েছেন হাওরাঞ্চলের কৃষকেরা। নিচু এলাকার জমিতে পানি ঢুকতে শুরু করায় ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কায় রাত কাটছে তাদের। স্থানীয়দের অভিযোগ, উপজেলার বেশ কয়েকটি স্লুইসগেটের কপাট অকেজো থাকায় নদীর পানি সহজেই ফসলি জমিতে প্রবেশ করছে।

সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির পানি জমে ও নদী থেকে উপচে পড়া পানিতে উপজেলার বিভিন্ন হাওরের নিচু জমিগুলো ডুবে যেতে শুরু করেছে। কৃষকদের দাবি, মদন উপজেলার বালই নদীটি দ্রুত খনন করা হলে এই জলাবদ্ধতা অনেককাংশে কমে যেত। ঘাটুয়া গ্রামের কৃষক আনাম মিয়া বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে আমাদের অনেক অভিযোগ আছে। অনেক জমি এরই মধ্যে পানির নিচে। সময়মতো ব্যবস্থা না নিলে সারা বছরের আহার জোগানো কষ্টকর হয়ে পড়বে।

স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর কৃষকদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশে শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা ও অকেজো স্লুইসগেটগুলো পরিদর্শনে যান উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব মাহমুদুল হাসান জানান, ফসল রক্ষায় দ্রুততম সময়ে আর কী কী পদক্ষেপ নেয়া যায়, সে বিষয়ে জনমত সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুলসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে তারা জানান, দ্রুত সরকারি ও স্থানীয় পর্যায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে হাওরের হাজার হাজার হেক্টর জমির ফসল বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে।