বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে দুবাই ব্যবসায়ী গ্রুপের আগ্রহ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন ধরে দুবাইয়ের শ্রমবাজার বাংলাদেশীদের জন্য বন্ধ রয়েছে। এ অবস্থায় দেশটিতে থাকা একটি স্বনামধন্য ব্যবসায়ী গ্রুপের প্রধান বাংলাদেশ থেকে দক্ষ ও পেশাদার কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিন দিন আগে তারা দুবাইয়ের বাংলাদেশ কনসাল জেনারেল মো: রাশেদুজ্জামানের সাথে সাক্ষাৎ করে কর্মী নেয়ার আগ্রহের কথা জানান।

দুবাইয়ের কনসাল জেনারেল অফিস থেকে এ প্রসঙ্গে জানানো হয়, দুবাইয়ের (ট্রান্সগার্ড) গ্রুপের হেড অব অনবোর্ডিং স্টিফেন গত ১০ সেপ্টেম্বর কনসাল জেনারেলের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা বাংলাদেশ থেকে দক্ষ ও পেশাদার কর্মী নিয়োগের প্রক্রিয়াকে আরো গতিশীল ও সহজ করার বিষয়ে আলোচনা।

বর্তমানে ট্রান্সগার্ড গ্রুপে বাংলাদেশীরা বিভিন্ন পেশায় সুনামের সাথে কাজ করছেন বলে গ্রুপ প্রধান স্টিফেন বাংলাদেশের কনসাল জেনারেলকে অবহিত করেন।

এ সময় কনসাল জেনারেল বাংলাদেশীদের কর্মসংস্থানের জন্য ট্রান্সগার্ড গ্রুপকে ধন্যবাদ জানান এবং আরো বেশিসংখ্যক দক্ষ জনবল নিয়ে আসার জন্য স্টিফেনকে অনুরোধ জানান। এ ছাড়া ট্রান্সগার্ড গ্রুপে কর্মরত বাংলাদেশীদের জন্য নানাবিধ কল্যাণমূলক কর্মকাণ্ড গ্রহণ এবং তাদের সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্য কনসাল জেনারেল স্টিফেন বিলের দৃষ্টি আকর্ষণ করেন বলে কনসাল জেনারেল অফিস থেকে জানানো হয়। সাক্ষাতের সময় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং ট্রান্সগার্ড গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।