ব্র্যাক ব্যাংকের ‘ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’ সম্মাননা পেল ব্রি

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

উচ্চফলনশীল ধানের জাত ও আধুনিক কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-কে ‘ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’ হিসেবে সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উপলক্ষে গত ৫ জুলাই রাজধানীর একটি হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে ব্রির পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক (গবেষণা) ড. মো: রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদসহ ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, নীতিনির্ধারক, সুশীলসমাজের প্রতিনিধি এবং বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ব্রি সূত্র জানায়, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১০টি হাইব্রিডসহ মোট ১২৭টি উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে প্রতিষ্ঠানটি। এসব জাতের মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সক্ষম বিভিন্ন প্রতিকূল পরিবেশ-সহনশীল এবং উন্নত পুষ্টিগুণসম্পন্ন ধানের জাত, যা দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।