স্ত্রী-সন্তানদের নিয়ে ইসলাম গ্রহণ করায় বাড়িছাড়া নওমুসলিম

Printed Edition
টাঙ্গাইলের ধনবাড়ীতে নওমুসলিম পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য উপহার দেয়া হয়েছে :  নয়া দিগন্ত
টাঙ্গাইলের ধনবাড়ীতে নওমুসলিম পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য উপহার দেয়া হয়েছে : নয়া দিগন্ত

ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের একই পরিবারের পাঁচজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন। সম্প্রতি টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতে গিয়ে এফিডেভিট করে তারা মুসলিম হয়েছেন।

এ উপলক্ষে শুক্রবার জুমার নামাজের পর তাদের জন্য স্থানীয় মসজিদে দোয়া করা হয়। এদিকে ইসলাম গ্রহণ করায় বাবার বাড়ি ছেড়ে অন্যের গোয়াল ঘরে স্ত্রী সন্তান নিয়ে মানবেতরভাবে রাত্রি যাপন করছে তারা।

জানা গেছে, পাইস্কা ইউনিয়নের কয়ড়া গ্রামের সাগর বিশ^াস (৩০) স্বপরিবারে আদালতে গিয়ে বিধিমোতাবেক নাম পরিবর্তনের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে তার নাম মোহাম্মদ আলী, স্ত্রীর নাম শ্রীমতি বেবী রানীর স্থলে ফাতেমা বেগম (২৭), বড় মেয়ে শ্রীমতি প্রিয়াংকা রানীর স্থলে আসমাউল হুসনা আছমা খাতুন, বড় ছেলে সূর্য বিশ^াসের স্থলে মোহাম্মদ হুসাইন ও ছোট ছেলে শ্রী জীবনের স্থলে মোহাম্মদ হাসান আলী রাখা হয়েছে।

মোহাম্মদ আলী জানান, শৈশব থেকেই ইসলাম ধর্মের প্রতি দুর্বল ছিলাম। বিয়ের পর সংসার জীবনের একপর্যায়ে স্ত্রীকে বিষয়টি জানালে সে আমাকে অনুপ্রাণিত করে। দীর্ঘসময়ে মুসলমানদের রীতিনীতি পর্যালোচনা করে আল্লাহ এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ সা: এর প্রতি বিশ্বাস রেখে স্বপরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি। ইসলাম ধর্ম গ্রহণ করায় পরিবার আমাকে স্ত্রী সন্তানসহ বের করে দিয়েছে। তাই একেক দিন একেক জনের বাড়িতে রাত্রি যাপন করছি। গতকাল রাতে এলাকার রফিক নামের এক মুসলিম ভাইয়ের বাড়ির ভাঙা গোয়াল ঘরে ঝড় বৃষ্টির রাতে ছোট্ট শিশু সন্তান ও স্ত্রী নিয়ে বসে খুব কষ্টে রাত কাটিয়েছি।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী জানান, মোহাম্মদ আলী উপজেলার পাইস্কা ইউনিয়নের বাসিন্দা। তিনি স্ত্রী সন্তানদের নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করায় মানবেতর জীবনযাপন করছে বিষয়টি জানা মাত্রই তাদেরকে উপজেলা প্রশাসন থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। তার ছেলে-মেয়ের লেখাপড়াসহ সব ধরনের সহযোগিতা করা হবে।