খাগড়াছড়িতে বিজিবি চোরাকারবারি গোলাগুলি : অস্ত্র গোলাবারুদ ভারতীয় রুপি জব্দ

Printed Edition

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে সীমান্তবর্তী এলাকায় বিজিবির সাথে সশস্ত্র চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ভারতীয় রুপি জব্দ করেছে বিজিবি।

গতকাল ভোররাতে জেলার মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে এ ঘটনা ঘটেছে।

এ সময় পালিয়ে যাওয়া চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ৪টি অস্ত্র, ১৪ রাউন্ড অ্যামুনিশন, ৫ রাউন্ড এফসিসি এবং ১,৬০০ ভারতীয় রুপি পাওয়া যায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো: খালিদ ইবনে হোসেনের নেতৃত্বে একটি বিশেষ রোববার দিনগত গভীর রাতে তবলছড়ি ইউনিয়নের দেওয়ানবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সিংহপাড়া সীমান্তে অভিযান চালায়। অভিযান চলাকালে রাত ৩টার দিকে পাঁচ থেকে ছয়জনের একটি সশস্ত্র চোরাকারবারি আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ব্যাকপ্যাক পাওয়া যায়। যার মধ্যে পিস্তল, অ্যামুনিশন, এফসিসি এবং ভারতীয় রুপি ছিল।

সূত্র আরো জানায়, পরবর্তীতে জব্দকৃত অস্ত্র ও অন্যান্য মালামাল ছিনিয়ে নিতে সশস্ত্র চোরাকারবারি বিজিবিকে লক্ষ্য করে অতর্কিত গুলি শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা জবাব দেয়। প্রায় ৮-১০ মিনিট থেমে থেমে উভয় পরে মধ্যে গুলিবিনিময়ের একপর্যায়ে দুর্বৃত্তরা সীমান্ত অতিক্রম করে ভারতের পালিয়ে যায়।