কাফরুলে যুবদল কর্মী হত্যা

ভাড়াটে খুনির মিসফায়ারে প্রাণ হারান ইউসুফ গ্রেফতার ৭

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাফরুলে যুবদল কর্মী মো: ইউসুফ হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল এক দুর্ধর্ষ ‘কন্ট্রাক্ট কিলিং’ মিশন। মূল লক্ষ্য ছিল প্রতিপক্ষ হাফিজুল ইসলাম বাবুকে সরিয়ে দেয়া; কিন্তু ভাড়াটে খুনিদের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারান ইউসুফ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে মূল পরিকল্পনাকারীর সহযোগীসহ সাতজনকে গ্রেফতার করেছে ডিবি মিরপুর বিভাগ ও কাফরুল থানা পুলিশ। গতকাল সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

তদন্তে জানা গেছে, ঘটনার মূল পরিকল্পনাকারী হাফিজুর রহমান ওরফে সিএনজি হাফিজ তার প্রতিপক্ষ বাবুকে হত্যার জন্য পেশাদার খুনি ভাড়া করে। গত ২৯ জুন প্রথম দফায় হত্যার পরিকল্পনা করা হলেও পিস্তল মিসফায়ার হওয়ায় সেই মিশন ভেস্তে যায়। এরপর গত ২২ জুলাই খুনিরা আবারো ঢাকায় এসে হোটেল ভাড়া করে এবং গ্যারেজে বসে চূড়ান্ত ছক আঁকে। গ্রেফতাররা এই মিশনের জন্য অগ্রিম টাকাও নিয়েছিলেন।

২৪ জুলাই রাতে কাফরুলের লিংক রোডে হাফিজুল ইসলাম বাবু তার কর্মীদের নিয়ে অবস্থান করছিলেন। এ সময় সন্দেহভাজন কয়েকজনকে তল্লাশি করতে চাইলে তারা অতর্কিত গুলি চালায়। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইউসুফ এবং গুরুতর আহত হন আরো দুইজন। পালানোর সময় আবির নামের এক সন্ত্রাসীকে অস্ত্রসহ ধরে ফেলে জনতা। ঘটনার পর ঢাকা, মাগুরা, শরীয়তপুর ও যশোর থেকে মামলার প্রধান আসামিদের গ্রেফতার করা হয়। তারা হলেন- নাহিদ হাসান, শাফিন আহমেদ, জিয়ারুল মোল্লা, আলী হোসেন, জিহাদ মোল্লা, মাসুম বিল্লাহ ও আবির হাওলাদার। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত বিদেশী পিস্তল ও গুলি জব্দ করা হয়েছে।

যাত্রাবাড়ীতে ১২ জন গ্রেফতার : যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

ডিএমপির অভিযানে ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫ : রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ২৫টি মামলা করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে দুই কেজি ২৮০ গ্রাম গাঁজা, ১০ হাজার ১২৭ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, তিনটি চাকু, একটি কাঁচি জব্দসহ এক ভিকটিমকে উদ্ধার করা হয়।

তেজগাঁও বিভাগে ৬১ জন গ্রেফতার : ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে তেজগাঁও থানা চারজন, শেরেবাংলা নগর থানা ২২ জন, মোহাম্মদপুর থানা ১১ জন, আদাবর থানা আটজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছয়জন ও হাতিরঝিল থানায় ১০ জন রয়েছে।

শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদায় গ্রেফতার ৫৩ : শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জনকে গ্রেফতার করেছে তুরাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশ। এর মধ্যে শেরেবাংলা নগরে ২২ জন, হাজারীবাগে ১৭ জন ও মুগদায় ১৪ জনকে গ্রেফতার করা হয়।

পল্টনে গ্রেফতার ১৬ : পল্টন মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ। তাদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার আসামি।