ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীর মোহনা থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার বাঁকখালী নদীর মোহনায় ভেসে আসা লাশটি দেখতে পান স্থানীয়রা, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় আব্দুল্লাহ ভুট্টো জানান, সকালে স্থানীয় লোকজন নদী তীরবর্তী সবজি ক্ষেতে কাজ করতে এলে লাশ দেখতে পায়, পরে আমরা বিষয়টি পুলিশকে অবহিত করি। নিহতের পকেটে দু’টি মোবাইল ছিল যা পুলিশ হেফাজতে নেয়। দুপুর ১২টার দিকে উদ্ধার হওয়া ফোনের সূত্র ধরে প্রাথমিক পরিচয় শনাক্ত করার কথা জানায় পুলিশ।
পুলিশের তথ্যানুযায়ী, নিহত যুবকের নাম মিনহাজ উদ্দিন তুষার (৩৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বাসিন্দা ছৈয়দ নুরের ছেলে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। রামু থানার ওসি মুনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, পুলিশ ও পিবিআইয়ের একটি টিম ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে, প্রাথমিক পরিচয় মিলেছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



