মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচার করায় তিনি এক সংবাদ সম্মেলন করেছেন। গত শনিবার দুপুরে মতলব পৌরসভার ঢাকিরগাঁওয়ে তার নিজ বাস ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার নামে কোনো মামলা নেই, এটা আমি শতভাগ নিশ্চিত। দল আমার প্রতি আস্থা রেখেছে বিধায় আমাকে ২০১৮ সালে মনোনয়ন দিয়েছিল এবং এবারও দিয়েছে। এতে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। এটি একটি রাজনৈতিক অপকৌশল। আমি আমার জীবনে এক টাকাও ব্যাংক থেকে লোন নেইনি। তাই আমার দ্বারা কোনো অন্যায় ও অপকর্ম হবে না।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, সাধারণ সম্পাদক ভিপি জাকির হোসেন, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার উপস্থিত ছিলেন।



