সিলেট সীমান্তে ৩ কোটি টাকার গরু ও মহিষের চোরাচালান জব্দ

Printed Edition
সিলেট সীমান্তে ৩ কোটি টাকার গরু ও মহিষের চোরাচালান জব্দ
সিলেট সীমান্তে ৩ কোটি টাকার গরু ও মহিষের চোরাচালান জব্দ

সিলেট ব্যুরো ও গোয়াইঘাট সংবাদদাতা

সিলেট সীমান্তে ইতিহাসের সবচেয়ে বড় চোরাই গরু-মহিষের চালান জব্দ করেছে বিজিবি। গতকাল বুধবার ভোরে সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে এগুলো জব্দ করা হয়। এ বিষয়ে বুধবার সকালে বিজিবি সিলেট সেক্টরের সদর দফতরে প্রেস ব্রিফিং করেন ৪৮ বিজিবির সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মুয়ীদ।

বিজিবি সূত্র জানায়, বুধবার ভোরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের অন্তর্গত ইটাচোকী নামক স্থানে বিছনাকান্দি বিওপি এবং ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল চোরাচালানী অভিযান পরিচালনা করে। এ সময় তারা ২৩৭টি ভারতীয় গরুর চালান জব্দ করেন।

এ ছাড়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন লাফার্জ বিওপির টহলদল সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় ৩২টি এবং অপর একটি এলাকায় অভিযান পরিচালনা করে ১০টি মহিষসহ মোট ৪২টি ভারতীয় মহিষ আটক করা হয়। পৃথক অভিযানে জব্দকৃত ২৩৭টি গরু ও ৪২টি মহিষের আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বলেন, এটি এখন পর্যন্ত সিলেট সীমান্তে গবাদিপশু চোরাচালানের সবচেয়ে বড় চালান আটক। আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই সাফল্য এসেছে। তিনি আরো জানান, চোরাচালানকারীরা সীমান্তের দুর্গম পথ ব্যবহার করে গবাদিপশু বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল।