বৈরী আবহাওয়ায় ঢাকার ফ্লাইট নামল সিলেট ও কলকাতায়

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

খারাপ আবহাওয়ার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে দু’টি ফ্লাইট সিলেট ও কলকাতা বিমানবন্দরে গিয়ে নেমেছে। এ ছাড়াও বেশ কিছু দেশী-বিদেশী ফ্লাইট নির্ধারিত সময়ের পরে ওঠানামা করে।

বিমানবন্দর টার্মিনাল-সংশ্লিষ্টরা জানান, গতকাল রোববার ভোর থেকেই ফ্লাইট চলাচলে বিঘœ ঘটে। একটানা বৃষ্টি আর খারাপ আবহাওয়ার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে দু’টি আন্তর্জাতিক ফ্লাইট সিলেট ও কলকাতায় ঘুরিয়ে দেয়া হয়। এর মধ্যে দুবাই থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার আকাশে আসার পরও নামতে পারেনি। পরে ওই ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। একইভাবে চিনের গুয়াংজু থেকে ছেড়ে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নিরাপদে অবতরণ করে। টার্মিনাল-সংশ্লিষ্টরা জানান, এ দিন ফ্লাইট শিডিউল এলোমেলো হওয়ায় অসংখ্য যাত্রীকে ভোগান্তির শিকার হতে হয়। দেশী-বিদেশী অনেক ফ্লাইট আবহাওয়া খারাপ হওয়ায় আকাশে চক্কর দিয়ে বিলম্বে ঢাকায় অবতরণ করে। একইভাবে ঢাকা থেকে কয়েকটি ফ্লাইট বিলম্বে ছেড়ে যায়। শনিবার রাত থেকে বিরতিহীন ভারী বৃষ্টি এবং সকালে দৃশ্যমানতা কমে যাওয়ায় উড়োজাহাজের অবতরণ ও উড্ডয়নে জটিলতা সৃষ্টি হয়।