নয়া দিগন্ত ডেস্ক
বার্ধক্যে প্রায় সব মানুষই শুয়ে-বসে দিন কাটাতে চান। শারীরিক দিক থেকে নানা সমস্যা পুরুষদের থেকেও মহিলাদের মধ্যেই বেশি দেখা যায়। দ্রুত অশক্ত হয়ে পড়েন তারা। কিন্তু সম্প্রতি এক বৃদ্ধা এমন কীর্তি করেছেন, যা সমাজমাধ্যম ব্যবহারকারীদের মুগ্ধ করেছে। তিনি প্রমাণ করে দিয়েছেন যে বয়স সংখ্যামাত্র। ইচ্ছাশক্তির জোরে কোনো কিছুই অসম্ভব নয়।
ভাইরাল হওয়া একটি ভিডিও দেখা গিয়েছে, একটি জিমে শারীরিক কসরত করছেন এক বৃদ্ধা। যে-সে হালকা ব্যায়াম নয়, ওজন তুলছেন তিনি। ভিডিও থেকে জানা গিয়েছে, ১০৩ কেজির ট্র্যাপ বার ডেডলিফট করেন তিনি। ওজন তোলার সময় তার চোখেমুখে পরিশ্রমের ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে। কিন্তু তিনি হার মানেনি। কয়েক মুহূর্তের মধ্যেই তিনি সফল হন। সবশেষে হাসি ফুটে ওঠে বৃদ্ধার মুখে। তিনি বুড়ো আঙুল তুলে বোধ হয় নিজেরই প্রশংসা করে উঠেন।
ভিডিওটির ক্যাপশনে ওই বৃদ্ধা সম্পর্কে লেখা হয়েছে, তিনি এক ৭০ বছর বয়সী ‘তরুণী’। তার পরনে ছিল আকাশী রঙের সালোয়ার-কামিজ। ওড়নাটি কাঁধ হয়ে কোমরে পেঁচিয়ে রেখেছে। কোমরে পরে রয়েছেন একটি বেল্টও। তিনি যখন কসরত করছিলেন কিছুটা দূরে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ছিলেন দুই তরুণ। বৃদ্ধা সফল হতেই হাসি ফোটে তাদের মুখেও। হাততালি দিয়ে উঠেন তারা। অনেকেই তাকে অনুপ্রেরণা বলেছেন। লেডি হারকিউলিস উপাধি দিয়েছেন কেউ কেউ।



