গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাটে নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গত বৃহস্পতিবার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতির পাড়া খাওইউড়াসংলগ্ন নদীর তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘হাতির পাড়া ও পুকাশ গ্রামবাসী’র উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য মাসুক আহমদের সভাপতিত্বে দুই গ্রামের কৃষক ও ভুক্তভোগীরা অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে নদীর তীব্র ভাঙনে হাতির পাড়া ও পুকাশ গ্রামের শত শত একর ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে আরো জমি নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
ইউপি সদস্য মাসুক আহমদ বলেন, নদীভাঙনে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং অনেকের উপার্জনের পথ বন্ধ হয়ে যাচ্ছে। দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
মানববন্ধনে আবু বক্কর, আব্দুল আজিজ, আব্দুল কাদির, আব্দুর নুর, বদরুল ইসলাম ও ইজ্জত উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা ও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।



