নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন ‘পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে। বাংলাদেশ গাছ কর্তন নীতিমালা অনুযায়ী, রাজধানীসহ সারা দেশে সামাজিক বনায়ন বা সরকারি যেকোনো গাছ কাটতে নির্দিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নেয়া বাধ্যতামূলক। ব্যক্তিগত মালিকানাধীন গাছ কাটার ক্ষেত্রে সাধারণ নিয়মে অনুমতি না লাগলেও, সরকারি নির্দেশনা ও আইনি কাঠামোর সঠিক প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। কারণ একটি গাছ পরিবেশে সুরক্ষায় যেই ভূমিকা রাখতে পারে তা জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। গতকাল বুধবার ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, পরিবেশ সুরক্ষায় সরকার প্রতি বছর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জন্য যেই বাজেট বরাদ্দ করে তা পুরোপুরি শুভঙ্করের ফাঁকি। কারণ বিশাল অঙ্কের বাজেট হলেও সেই বাজেট কোথায় ব্যয় হয় জনগণ তা জানে না, দেখে না। লুটপাট আর ভাগবাটোয়ারার মাধ্যমে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সেই বাজেটের বরাদ্দ নিজেদের পকেটে নিয়ে নেয়। যার ফলে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে রাজধানী ঢাকা শহরসহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। এই বিশাল ক্ষতির হাত থেকে দেশকে রক্ষা করতে সরকারকে টেকসই ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে তিনি আহ্বান জানান।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা ও উন্নয়ন মূলক কর্মকাণ্ড প্রসঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, উন্নয়ন প্রকল্পের মেয়াদ বাড়িয়ে দুর্নীতির পথ তৈরির যেই প্রচেষ্টা সেটি বন্ধ করতে হবে।
সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খানের পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মহানগরীর কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ও মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসেন মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, সহকারী অফিসে সেক্রেটারি মজিবুর রহমান প্রমুখ।



