গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশসহ অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিলের প্রক্রিয়া বন্ধ করে অবিলম্বে সেগুলো আইনে পরিণত করার দাবিতে মানবাধিকার সংগঠন অধিকার গতকাল রাজধানী ঢাকাসহ রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম, ফেনী, লক্ষ¥ীপুর এবং সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ করেছে।
ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে অধিকারের প্রোগ্রাম পরিচালক এবং গুম সংক্রান্ত ইনকোয়ারি কমিশনের সাবেক সদস্য সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় গুম হতে ফিরে আসা ব্যক্তি এবং গুমের শিকার পরিবারের সদস্য এবং মানবাধিকার কর্মীরা বক্তব্য রাখেন। ২০১৯ সালে গুমের শিকার বিএনপি কর্মী ও কাঠ ব্যবসায়ী ইসমাইল হোসেন বাতেনের স্ত্রী নাসরিন জাহান স্মৃতি সরকারের উদ্দেশে বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশকে আইনে পরিণত না করে পরিবারগুলোর সাথে সরকার প্রতারণা করেছেন। এ ছাড়া সমাবেশে বাতেনের মেয়ে আনিসা ইসলাম ইনশা, ২০১২ সালে গুম হওয়া ছাত্রদল নেতা মিরাজ খান ও ফিরোজ খানের পরিবারের সদস্য আমেনা আক্তার বৃষ্টি, ২০২০ সালে গুম হওয়া বিএনপি নেতা সাইফুল ইসলামের স্ত্রী ফাতেমা ইসলাম সিমলা, ২০২৩ সালে গুম হওয়ার পর ভারত থেকে ফিরে আসা রহমতউল্লাহ বক্তব্য রাখেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধিকারের এডভোকেসি পরিচালক তাসকিন ফাহমিনা, প্রশাসন ও অর্থ বিষয়ক পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান। তারা অধ্যাদেশগুলো অবিলম্বে আইনে পরিণত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।



