গাজীপুর জেলা ও মহানগর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ঝুটের গোডাউন পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী মেট্রো থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে দেওয়ালিয়াবাড়ি এলাকায় বাচ্চু মিয়ার পলি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের ঝুটের গোডাউনগুলোতেও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রায় ১২টি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে সারাবো ফায়ার সার্ভিসের আরো দু’টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। পাঁচটি ইউনিটের সদস্যরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো: সাইফুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে আসে। আগুনের তীব্রতা বেশি ছিল এবং বাতাসের বেগও বেশি থাকায় নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে। পাঁচটি ইউনিটের চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনগুলোতে থাকা বিপুল পরিমাণ ঝুট ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন বলেন, গোডাউনগুলোতে ঝুটসহ বিভিন্ন দাহ্য মালামাল মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার পরও কোথাও অবশিষ্ট আগুন বা ধোঁয়া রয়েছে কি না, তা পর্যবেক্ষণ করা হয়। তিনি আরো জানান, অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। বৈদ্যুতিক ত্রুটি, শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।



